ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালী থানাধীন ওই এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানিম হোসেনসহ একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রাব্বি (২৪), অমিত ঘোষ (২১) ও আশিক শেখ (২৪)। তারা সবাই কোতয়ালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








