শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

ঝড়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ২৩:২৪

শেয়ার

ঝড়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ছবি সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঝড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. ফারুক হোসেন (৪৫) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সন্ধ্যায় জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার নিশ্চিত করেন।

নিহত ফারুক হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি স্থানীয় কেবিআই ব্রিক ফিল্ডে ইট কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানি আনতে যাওয়ার সময় আগের রাতের ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার তার নজরে না আসায় তিনি সেটিতে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক গুরুতর আহত হলে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আমাদের সবার কাছেই আপনজনের মতো ছিলেন,” বলেন তিনি।

জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



banner close
banner close