বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

সিএনজি ভাড়া নৈরাজ্য নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৭:৩২

শেয়ার

সিএনজি ভাড়া নৈরাজ্য নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ছবি বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়া তালিকা না থাকায় চালকেরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। সময়ের সঙ্গে ভাড়া পরিবর্তিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তালিকা প্রণয়ন বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যাত্রীরা প্রতিনিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছেন। উপজেলার বিভিন্ন সড়কে স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

এ প্রেক্ষাপটে গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে একটি সংবাদ প্রকাশের পর সাংবাদিক তানভীর ভূইয়া হুমকির মুখে পড়েন। তার অভিযোগ, টুকচানপুর সিএনজি স্ট্যান্ডের কয়েকজন চালক প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে গিয়ে এক নারী সদস্যের কাছে তাকে গুম ও হত্যার হুমকি দেয় এবং দ্রুত সংবাদটি সরিয়ে ফেলার আল্টিমেটাম দেয়।

তিনি আরও জানান, পরবর্তীতে এক চালক ফোন করে তাকে সিমনা (শেখ হাসিনা) সড়ক দিয়ে চলাচল না করার হুমকি দেন। ওই পথে গেলে ‘খারাপ পরিণতি’ হবে বলেও সতর্ক করা হয়। একই সঙ্গে তার ছবি সংগ্রহ করে কিছু লোক অবস্থান করছে বলেও তাকে জানানো হয়েছে।

তানভীর ভূইয়া বলেন, সাধারণ মানুষের ভোগান্তির বিষয় তুলে ধরা তার পেশাগত দায়িত্ব। তবে এ কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপদে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিতসহ হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাহ্ বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে তারা মাঠে গিয়েছেন। আবুল বাসার (৪০) নামের এক চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্যদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। সাংবাদিকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এ বিষয়ে প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির বলেন, জনসাধারণের সমস্যা ও অনিয়ম তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার পরিপন্থী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সিএনজি ভাড়া নৈরাজ্য বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



banner close
banner close