বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৫ চৈত্র, ১৪৩২

নবীনগরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১৪:৪০

আপডেট: ৮ এপ্রিল, ২০২৬ ১৪:৪১

শেয়ার

নবীনগরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং স্থানীয় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিক সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।

নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং নবীনগর সাংবাদিক ফোরামের সভাপতি সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন— নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন, নবীনগর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ (মানবকণ্ঠ), কাজল (এশিয়ান টিভি), শাফিউল আলম (যুগান্তর), মাজেদ (কালের কণ্ঠ), খন্দকার আলমগীর হোসেন (চ্যানেল এস), এনটিভি অনলাইনের কাউসার, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল, প্রতিদিনের কাগজের হোসাইন, আলোকিত সকালের আবু সুফি প্রমুখ।

ভুক্তভোগী সাংবাদিক সোহেল খান অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মিথ্যা মামলার আসামি হয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্য ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।



banner close
banner close