লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথক দুই দফা গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।
বিএসএফের দাবি, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করলে তাদের সতর্ক করতে গুলি ছোড়া হয়। একপর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:








