কাজ শেষে ভারত থেকে দেশে ফেরার পথে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে মো. সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের ১৬১/১ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ভোর রাতে তিনি হরিপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থলটি বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় অবস্থিত।
পরিবারের দাবি, সোহাগ আলী কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানের সঙ্গে জড়িত নন। অভাবের কারণে তিনি কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন এবং কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। তার বাবা মো. জাহাঙ্গীর আলম দ্রুত ছেলের ফেরত পাওয়ার জন্য বিজিবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:








