বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

অফিস কক্ষে খাট বসিয়ে রাতযাপন: বাগেরহাটে কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:২৭

শেয়ার

অফিস কক্ষে খাট বসিয়ে রাতযাপন: বাগেরহাটে কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
ছবি সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এক অফিস সহকারীর বিরুদ্ধে সরকারি অফিস কক্ষে খাট বসিয়ে রাতযাপনের অভিযোগ উঠেছে। সোমবার ৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট কর্মচারীকে অফিস কক্ষে অবস্থান করতে দেখা যায় বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে এলে দপ্তরের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি অফিস কেবল দাপ্তরিক কার্যক্রমের জন্য নির্ধারিত হলেও অভিযুক্ত অফিস সহকারী মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অফিসের একটি কক্ষে খাট স্থাপন করে নিয়মিত রাতযাপন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারি কর্মপরিবেশ ও শৃঙ্খলা বিধি লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম জানান, তিনি বর্তমানে অফিসের দায়িত্ব পালন করছেন। তবে রাতে অফিসে খাট বসিয়ে অবস্থান করার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানান।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কয়েকজন জানান, সরকারি অফিসে ব্যক্তিগতভাবে বসবাস করা নিয়মবহির্ভূত এবং এতে দাপ্তরিক পরিবেশ ব্যাহত হতে পারে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



banner close
banner close