বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

অতিরিক্ত দামে অকটেন বিক্রি: পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা, অভিযানে স্বস্তি গ্রাহকদের

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৫:৫৬

শেয়ার

অতিরিক্ত দামে অকটেন বিক্রি: পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা, অভিযানে স্বস্তি গ্রাহকদের
ছবি বাংলা এডিশন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সেখানে উপস্থিত গ্রাহকদের সরকার নির্ধারিত দামে তেল সরবরাহ নিশ্চিত করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়ানগর উপজেলার বিভিন্ন বাজারে কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিল।

এর ধারাবাহিকতায় চন্ডিপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন প্রতি লিটার ১৭০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স তুহিন হার্ডওয়্যার স্টেশনের মালিক দেলোয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করা হয়। এতে স্থানীয় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কয়েকজন গ্রাহক জানান, দীর্ঘদিন ধরে বেশি দামে তেল কিনতে হচ্ছিল, ফলে প্রশাসনের এ উদ্যোগে তারা উপকৃত হয়েছেন।

অভিযুক্ত ব্যবসায়ী দেলোয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেননি।

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং গ্রাহকদের জন্য সরকারি দামে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close