মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

ফেনীর সোনাগাজীতে মিড ডে মিলে পচা রুটি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৩:৫৩

শেয়ার

ফেনীর সোনাগাজীতে মিড ডে মিলে পচা রুটি, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
ছবি বাংলা এডিশন

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচির খাবারে নিম্নমান ও অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা বনরুটির কিছু অংশে ছত্রাক ও দুর্গন্ধ পাওয়া গেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন প্রায় ১৫০ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করা হয়। বিতরণের পর শিক্ষকরা কয়েকটি রুটিতে অস্বাভাবিক দাগ ও ছত্রাক লক্ষ্য করেন। যাচাই-বাছাই করে অন্তত ১৭টি রুটি খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত হওয়া যায়। সংশ্লিষ্টদের মতে, কিছু রুটি থেকে দুর্গন্ধও বের হচ্ছিল।

পরিস্থিতি অনুধাবন করে দ্রুত খাবার বিতরণ বন্ধ করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যাওয়ায় শিক্ষকরা বিব্রতকর অবস্থায় পড়েন। পরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরবরাহ করা কিছু রুটি মানহীন ও ছত্রাকযুক্ত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, শিক্ষার্থীদের খাবারে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, তদারকির অভাবে প্রায়ই নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন।



আরও পড়ুন:

banner close
banner close