মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী চট্টগ্রাম

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১১:১৯

আপডেট: ৭ এপ্রিল, ২০২৬ ১১:২৪

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের জেরে বাঁশখালীতে মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার
ছবি: মাদক সম্রাট রইশ্যা ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে ‘বাংলা এডিশন’-এ ‘বাঁশখালীতে ‘রইশ্যা ডাকাত’কে ঘিরে ক্ষোভ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং প্রশাসনের নজরে আসে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ 'বাংলা এডিশন'কে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে কাহারঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন বলেও জানা যায়।

এদিকে, তার গ্রেফতারের খবরে সরল ইউনিয়ন ও শীলকূপ এলাকার সচেতন মহল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর আশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পূর্ব কাহারঘোনা এলাকাসহ আশপাশের অঞ্চল মাদকমুক্ত হবে এবং সামাজিক নিরাপত্তা ফিরে আসবে।



banner close
banner close