মঙ্গলবার

৭ এপ্রিল, ২০২৬ ২৩ চৈত্র, ১৪৩২

টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪০টি বসতঘর, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ২১:৩৪

শেয়ার

টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪০টি বসতঘর, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন
ছবি সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর ৫৫ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার নিশাত মহল্লা বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সরু ও অপর্যাপ্ত সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি, এতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে তিনি জানান।



banner close
banner close