কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আদালতে তলব করা হয়েছে। সোমবার ৬ এপ্রিল তিনি আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।
রোববার রাতে তনুর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে তদন্তের বর্তমান অবস্থা তুলে ধরতে বলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। তবে এ মুহূর্তে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না। আদালতে তদন্তের কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
সর্বশেষ গত বছরের ৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল কুমিল্লা সেনানিবাস এলাকা পরিদর্শন করেন এবং মামলার বাদী ইয়ার হোসেনের সঙ্গে কথা বলেন। বর্তমানে তিনি এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময়ে থানা-পুলিশ, ডিবি ও সিআইডি মামলাটি তদন্ত করেও কোনো সুনির্দিষ্ট রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরবর্তীতে ২০২০ সালের ২১ অক্টোবর মামলার নথি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গত প্রায় চার বছর পিবিআই মামলাটি তদন্ত করছে।
মামলার বাদী ইয়ার হোসেন বলেন, মেয়ের হত্যাকাণ্ডের ১০ বছর পার হলেও এখনো বিচার পাননি। বহুবার বিভিন্ন দপ্তরে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু কোনো ফলাফল পাননি। তিনি আদালতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন এবং জীবদ্দশায় মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান বলে আকুতি প্রকাশ করেছেন।
আরও পড়ুন:





.jpg)


