সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা।
আবেদনটি ৩১ মার্চ দোয়ারাবাজার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহের কাছে জমা দেন নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ। তিনি অভিযোগে উল্লেখ করেন, সোনালী চেলা নদীর পশ্চিম তীরে অবস্থিত চাইরগাঁও বাজার-ফকিরটিলা সড়কের রহিমেরপাড়া এলাকায় সরকারি খাস জমি থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
আবেদন অনুযায়ী, নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে এলাকার ভৌগোলিক চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তা, আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নদীর দিকে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
স্থানীয়দের সঙ্গে সরেজমিনে আলোচনায় জানা যায়, রহিমেরপাড়া এলাকা থেকে একই গ্রামের ফজর আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি ও বেড়িবাঁধের গোড়া থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। স্থানীয়রা বারবার বালু উত্তোলন বন্ধের চেষ্টা করেও তা বন্ধ হয়নি। উল্লেখ্য, গত বছর ফজর আলীকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। অভিযোগের বিষয়ে ফজর আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার ইউএনও অরুপ রতন সিংহ জানান, অভিযোগটি পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:


.jpg)





