সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ ‘ভারতে পড়ে থাকার’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৯:০৭

শেয়ার

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ ‘ভারতে পড়ে থাকার’ অভিযোগ
ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সংলগ্ন ভারতীয় সীমান্তের ওপারে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ কয়েকদিন ধরে পড়ে আছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সাদ্দাম আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরে আসেন। অন্যদের একজন, সাদ্দামের বন্ধু আবু বক্কর, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানান।

সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় সাদ্দাম তার মোবাইল ফোন সঙ্গে নেননি। প্রথমে তারা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। পরে জানতে পারেন, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন। তার দাবি, কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে নিখোঁজের অভিযোগ দিয়ে কোম্পানীগঞ্জ থানায় লিখিত আবেদন করা হয়েছে। পুলিশ তাদের বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানাতে পরামর্শ দিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহটি সীমান্তের ওপারে পড়ে থাকার কথা তারা জেনেছেন। মরদেহ দেশে আনা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর বিজিবি তা খতিয়ে দেখছে। এ বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ রয়েছে কি না জানতে চাওয়া হয়েছে, তবে এখনো তারা বিষয়টি নিশ্চিত করেনি।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করা হচ্ছে।



banner close
banner close