রবিবার

৫ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টে রিট
ছবি সংগৃহীত

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)।

রিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, ইমান ও সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে এই আবেদন করা হয়েছে। রিটকারী দাবি করেন, সরকার জনরোষের কারণে মাঝে মধ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করলেও পরবর্তীতে আবার পূর্বের নামেই তা চালু করা হয়, যা নিয়ে স্থায়ী সমাধান প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘মঙ্গল শোভাযাত্রা’ কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; এটি ১৯৮৯ সালে “আনন্দ শোভাযাত্রা” নামে শুরু হওয়া একটি কার্যক্রম, যা পরবর্তীতে নাম পরিবর্তনের মাধ্যমে পহেলা বৈশাখের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। রিটে দাবি করা হয়, বিভিন্ন প্রাণী ও প্রতীক বহন করে “মঙ্গল” কামনা করা ইসলামী আকিদার সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া রিটে বলা হয়, শোভাযাত্রায় ব্যবহৃত কিছু প্রতীক হিন্দু ধর্মীয় সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিটকারী সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, নাগরিকের আইনের সুরক্ষা, জীবনের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তার দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ধরনের কার্যক্রম আয়োজন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজন, প্রচার, অনুমোদন বা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিষয়টি শিগগিরই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।



banner close
banner close