রবিবার

৫ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

ঘাটতি দূর করে টিকাদান কার্যক্রম চলমান থাকবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৭:৪৭

আপডেট: ৫ এপ্রিল, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

ঘাটতি দূর করে টিকাদান কার্যক্রম চলমান থাকবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং ঘাটতিগুলো পূরণ করছি। টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে।

রবিবার সকালে গাজীপুরের মির্জাপুর ইউনিয়ন পরিষদে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কোনো রকম ঘাটতি আমরা রাখব না। আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেনো সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে, আমরা তত বেশি নিরাপদ থাকব।

ডা. এম এ মুহিত বলেন, আমরাই ইতোমধ্য দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করেছি। টিকা দান বিষয়ক একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি রয়েছে। আমরা প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলো শনাক্ত করছি। বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আমাদের সহযোগিতা করছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্য ও বিজ্ঞানের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি।

তিনি বলেন, আমাদের সরকার ও স্থানীয় প্রতিনিধিরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সরকার শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ও দেবে। একটি শিশুও টিকার বাইরে থাকবে না। আমরা কর্মসূচি শুরু করেছি, ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।



banner close
banner close