সোমবার

৬ এপ্রিল, ২০২৬ ২২ চৈত্র, ১৪৩২

পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ১৪:২৫

শেয়ার

পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
ছবি সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে ঝালকাঠী সদর থানা পুলিশ এসব বিটুমিন জব্দ করে।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরবর্তীতে ২ মার্চ ঝালকাঠী থেকে এসব বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ঠিকাদার।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী একটি ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরে অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করা হয়।

অভিযুক্ত ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল কীভাবে তার মালামালের সঙ্গে যুক্ত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close