মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক অভিযানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকার দুইটি হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামে একজনকে আটক করা হয়েছে।
বিজিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম ওজনের দু’টি হাতবোমা উদ্ধার করা হয়। উদ্ধারকালে মমতাজ আলীকে আটক করা হয়; তবে তার সহযোগীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মমতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
অপর একটি অভিযানে কাথুলী সীমান্ত এলাকায় ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকার ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি।
উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুযায়ী গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। মমতাজ আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








