ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপি’র টহলদল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, বাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ। আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা। বর্তমানে এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
আরও পড়ুন:








