শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ২১:৪০

শেয়ার

খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
ছবি বাংলা এডিশন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় খাস জমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ দণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরে অভিযান চালানো হয়। এ সময় খাস জমির মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইটভাটা ‘আশা’, ‘মর্ডান’ ও ‘ডায়মন্ড ব্রিকস’-এর প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা চার ট্রলার মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়মকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে নেছারাবাদ থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং এলাকার মহল্লাদাররা সহযোগিতা করেন।



banner close
banner close