শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

ট্রাঙ্কে মিলল নারীর মরদেহ: পরিচয় শনাক্ত, পিকআপচালক আটক

শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ২১:২৮

শেয়ার

ট্রাঙ্কে মিলল নারীর মরদেহ: পরিচয় শনাক্ত, পিকআপচালক আটক
ছবি সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ট্রাঙ্ক বহনকারী একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, নিহত নারী ডলি আক্তার (৩০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ও মো. আলাল মিয়ার কন্যা। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২ এপ্রিল) তার পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড়ে একটি ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক খুলে তোশকে মোড়ানো অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই জামালপুরের সহায়তা নেওয়া হয়। তদন্তের একপর্যায়ে প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. শফিকুল ইসলাম শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই সামিউল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে শুক্রবার (৩ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে ট্রাঙ্ক বহনকারী পিকআপভ্যানটি জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপচালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।



banner close
banner close