শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

জয়পুরহাটে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ: মৃতদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৮:৫৩

শেয়ার

জয়পুরহাটে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ: মৃতদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে এবং রাজকান্দা-ঠেংগাপুর ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে আব্দুল্লাহ। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি চালায়। দীর্ঘ সময় খুঁজেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদীর গভীর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। এর পর তাকে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহর মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম রাব্বী জানান,আবদুল্লাহ বাড়ি থেকে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার ভালোভাবে না জানায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ আঠারো পারা কোরআনের হাফেজ ছিল।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, বাচ্চাটি পানিতে ডুবেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায় পরে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরবর্তীতে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।



banner close
banner close