শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পরিবহন: ৩ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৭:২৭

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পরিবহন: ৩ মাদক কারবারি গ্রেফতার
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর থানাধীন মহানন্দা সেতুর টোল ঘর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলফাজ মিয়া (২৩), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক এলাকার বাসিন্দা; মোঃ রকি আহমেদ (২৬), ট্রাক চালক, রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের বাসিন্দা; এবং মোঃ সানোয়ার আহমেদ (১৯), ট্রাকের হেল্পার, একই থানার নওদা সাহিবার এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় নিয়ে আসা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা তুলা ও গার্মেন্টস ঝুটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ২টি স্যালো মেশিন, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



banner close
banner close