শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৩

শেয়ার

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বিজয়
ছবি সংগৃহীত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত-ইসলামী সমর্থিত ‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত প্যানেলটি ১৫টি পদের মধ্যে ১৩টিতে বিজয়ী হয়েছে। গত ২ এপ্রিল অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে জামায়াতের সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বিএনপির মাহাবুবুল হক খন্দকার জয়লাভ করেন। আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ২৮৭ জন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এক হাজার ২৫৩টি ভোট পড়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাতভর ভোট গণনা শেষে শুক্রবার সকাল ১১টায় ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

এবার সমিতির নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এগুলো হলো—বিএনপি-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ ও মাহাবুবুল হক খন্দকার’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী ও তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগ সমর্থিত ‘ফারুক ও জামান’ প্যানেল।

বিজয়ী প্যানেলের অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি) ও অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার পদে অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) এবং রিক্রিয়েশন সেক্রেটারি পদে অ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি) জয়লাভ করেন।

বিজয়ী প্যানেলের মধ্যে বিএনপি আটটি এবং জামায়াত পাঁচটি পদে জয় পায়। কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ মনোনীত ইউসুফ আলী ও তৌফিক আহমেদ চৌধুরীর প্যানেলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। অন্যদিকে নিরপেক্ষ ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম—এ দুই প্রার্থী জয়লাভ করেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াতের প্যানেলের অ্যাডভোকেট আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) বিজয়ী হন।

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, এবারের ভোটে বিএনপি ও আওয়ামী লীগের আলাদা প্যানেলের ব্যাপক ভরাডুবি হয়েছে। অপরদিকে বিএনপি ও জামায়াতের যৌথ প্যানেলটি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।



banner close
banner close