বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা: রক্তাক্ত বাবা-ছেলে, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৮:৫১

শেয়ার

সিরাজগঞ্জে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা: রক্তাক্ত বাবা-ছেলে, গ্রেপ্তার ২
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদা দিতে অস্বীকার করায় কাপড় ব্যবসায়ী মানিক মিয়া (৫৫) ও তার ছেলে অন্তর (২৫)-এর ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে পৌর শহরের রবীন্দ্র কাছাড়ি বাড়ির পাশে কাপড় হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মানিক মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ২৫–৩০ জনের একটি কিশোর গ্যাং অন্তরকে লক্ষ্য করে হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে গেলে মানিক মিয়াকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা দোকানের মালামাল ভাঙচুর ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করে ভয়ভীতি দেখানো হয়। হামলাকারীরা পৌর এলাকার দাবারিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গুরুতর আহত অন্তরকে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে মানিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দিনের বেলায় ব্যবসা প্রতিষ্ঠানে এমন সশস্ত্র হামলায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আইডি থেকে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে এমদাদুল হক নওশাদ বুধবার রাতে দ্বারিয়াপুর বাজারে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভুয়া আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এবং প্রকৃত হামলাকারীদের শাস্তি দাবি করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—দাবারিয়া গ্রামের আবুল বাশার চেনি (৫৫) ও জালাল উদ্দিন সরকার (৪৩)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর নয়, বরং মদদদাতা বলে উল্লেখ করেন তিনি।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং দোকান থেকে প্রায় ৬–৮ লাখ টাকা লুট করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।



banner close
banner close