বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১৬:৪১

আপডেট: ২ এপ্রিল, ২০২৬ ১৬:৪৪

শেয়ার

বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যার মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে নিজ মাকে গলা কেটে হত্যার মামলায় দীর্ঘদিন পলাতক ছেলে ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার উপপরিদর্শক বিভাস কুমার সাহার নেতৃত্বে একটি দল র‌্যাব-১৫-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মো. কাসেম (২৮) ও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানায় করা হত্যা মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন রাত আনুমানিক ১০টা থেকে ৬ জুন ভোর ৬টার মধ্যে কোনো একসময় কাসেম তাঁর মা রেহেনা বেগমকে (৬২) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ছেলে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কাসেম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের সহায়তায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।'



banner close
banner close