বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

দুই দিনে খোলা তেল লিটারে বেড়েছে ৭-১০ টাকা, বাড়তি চাপে সবজির বাজারও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১১:২৫

আপডেট: ২ এপ্রিল, ২০২৬ ১১:৩১

শেয়ার

দুই দিনে খোলা তেল লিটারে বেড়েছে ৭-১০ টাকা, বাড়তি চাপে সবজির বাজারও
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ভোজ্যতেল ও সবজির দামে হঠাৎ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। মাত্র দুই দিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পামঅয়েলের লিটারে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজধানীর আগারগাঁও, কারওয়ান বাজার ও মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগেও খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৮০-১৮৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৯০-১৯২ টাকায় পৌঁছেছে। একই সময়ে পামঅয়েলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৪-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে করে সরকার নির্ধারিত দরের তুলনায় সয়াবিনে ১৪-১৬ টাকা এবং পামঅয়েলে ১৮-১৯ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি পর্যায়ে হঠাৎ দাম বৃদ্ধির প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে। তেজকুনিপাড়ার এক ব্যবসায়ী জানান, কয়েক দিন আগেও প্রতি ড্রাম সয়াবিন তেল ৩৭ হাজার টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে প্রায় ৩৭ হাজার ৮০০ টাকায়। পামঅয়েলের ড্রামপ্রতি দামও ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৩৩ হাজার টাকায় দাঁড়িয়েছে।

পাইকারি ব্যবসায়ীদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আমদানি ব্যাহত হওয়ায় মিলগেট পর্যায়ে তেলের দাম বেড়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ সংকটের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা বাজারে প্রভাব ফেলছে।

ভোজ্যতেলের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে পটোল ৮০-৮৫ টাকা, ঢ্যাঁড়শ ৭০-৭৫ টাকা, উচ্ছে ১০০-১২০ টাকা এবং বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের কেজিও ৭০-৮০ টাকায় উঠেছে।

সবজি ব্যবসায়ীরা জানান, ডিজেলের সংকট ও ট্রাকভাড়া বৃদ্ধির কারণে সরবরাহ ব্যয় বেড়েছে। এ ছাড়া মৌসুম শেষ হওয়ায় কিছু সবজির দাম স্বাভাবিকভাবেই বাড়ছে।

অন্যদিকে, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির কেজিতে প্রায় ৩০ টাকা কমে ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩৫০-৩৭০ টাকা এবং ডিমের ডজন বিক্রি হচ্ছে প্রায় ১১০ টাকায়।



banner close
banner close