কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান-এর নেতৃত্বে চলা আন্দোলন এবং সর্বশেষ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। নির্বাচনের আগে তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আমান উল্লাহ আমান আরও বলেন, তারেক রহমানের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, “বিএনপি যা বলে, তা করে।” দলটি জুলাই সনদের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও উল্লেখ করেন।
কর্মসূচিতে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, ঢাকা জেলা উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী সাজ্জাদ আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








