বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১৪:১৬

শেয়ার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৬
ছবি সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬ জন। বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে দাউদকান্দি, চান্দিনা, নিমসা ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দির বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২) নিহত হন। তারা দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।

এদিকে বুড়িচং উপজেলার নিমসা বাজার সংলগ্ন ইউটার্নে ঢাকাগামী লেনে সংঘটিত দুর্ঘটনায় জহিরুল ইসলাম (২৭), সোহেল রানা (৩৫) এবং চান্দিনা এলাকার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম নিহত হয়। নিহতদের মধ্যে জহিরুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের এবং সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে চৌদ্দগ্রাম এলাকায় বাসচাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, নিমসা এলাকায় দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন।



banner close
banner close