বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জ-ও রংপুরে র‌্যাবের অভিযানে জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১২:৪৬

শেয়ার

সিরাজগঞ্জ-ও রংপুরে র‌্যাবের অভিযানে জাল নোট ও সরঞ্জামসহ গ্রেফতার ১
ছবি বাংলা এডিশন

রংপুর জেলার গংগাচড়া থানার চেংমারী এলাকায় র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র‌্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল।

র‌্যাব জানায়, এর আগে ২৯ মার্চ ২০২৬ তারিখে বিকেলে র‌্যাব-১২ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের গংগাচড়া থানাধীন দক্ষিণ চেংমারী এলাকার রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার বাসা থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সংগ্রহ করে তা আসল টাকা হিসেবে বাজারে প্রচলন করতেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগরের চকবাজার ও মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা, প্রতারণার একটি মামলা এবং রংপুরের গংগাচড়া থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



banner close
banner close