বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

মেহেরপুর সীমান্তে গোপন তেলের ভাণ্ডার, উদ্ধার সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১০:৫৫

শেয়ার

মেহেরপুর সীমান্তে গোপন তেলের ভাণ্ডার, উদ্ধার সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল
ছবি সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে গোপনে মজুত রাখা পাঁচ হাজার ৩৭৫ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত তেল স্থানীয় ফারাবী ট্রেডার্স নামের একটি দোকানের গুদাম থেকে জব্দ করা হয়। সেখানে ২৬টি ব্যারেলে এসব ডিজেল সংরক্ষিত ছিল। পুলিশ জানিয়েছে, মজুতকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

এ ঘটনায় দোকানের মালিক আবু সুফিয়ানকে (৩৮) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করেছে সদর থানা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত তেলের পরিমাণ স্বাভাবিক ব্যবসার আওতার চেয়ে বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ জ্বালানি মজুত ও পাচারের ঝুঁকি সব সময় থাকে। এই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close