নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১১ বছর বয়সী শিশু আরাফাত হোসেন হত্যা মামলায় মো. রিপন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা ও মো. ইসলামের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেনকে হত্যা করা হয়। তিনি মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ঘটনার পর রিপনকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দি অনুযায়ী, পূর্বের একটি ছিনতাই মামলায় আরাফাতের বড় ভাই সাক্ষ্য দেওয়ায় ক্ষোভ এবং পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
আরও পড়ুন:






.jpg)

