সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর চরের যমজ দুই ভাই মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত রবিবার (২৯ মার্চ) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের সন্ধান মিলছে না।
নিখোঁজ রাসেল (১১) ও রাশেদুল (১১) ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলাম ও রেবেকা খাতুন দম্পতির ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তারা প্রথমে নৌকায় করে এনায়েতপুর যান। সেখান থেকে এনায়েতপুর কেজি মোড় হয়ে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে পৌঁছান। এরপর বেলকুচির দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার সময় থেকে তাদের আর দেখা যায়নি।
দুই শিশুর বাবা জানান, তারা মাদ্রাসা কিংবা বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করে পাওয়া যায়নি। পরিবারের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারটি সবার কাছে সহযোগিতা কামনা করে জানিয়েছে, কারও কাছে নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান থাকলে ০১৮১৮২৭৪৭০৬৪ ও ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
.jpg)







