সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৮:৪৯

শেয়ার

নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন
ছবি বাংলা এডিশন

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার দুপুরে এক মানববন্ধনে স্থানীয় মুসল্লিরা মসজিদ ভাঙা ও চুরির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সদর উপজেলার রামনগর ইউনিয়নের দক্ষিণ বিশমুড়ী পাইলাঙা এলাকায় ২০১৯ সালে স্থানীয় মুসলিম জনসাধারণের অর্থায়নে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। ওয়াকফনামা দলিল অনুযায়ী মসজিদের নামে ২০১৩ সালের নভেম্বরে ৩২২৬ নম্বর দাগে চার শতাংশ জমি রেজিস্ট্রি থাকলেও মসজিদটি তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত হয়েছিল, যা ধর্মীয় ও আইনগতভাবে বৈধ ছিল না। রেজিস্ট্রিকৃত জমিটি মসজিদ কমিটির দখলে না থাকায় সর্বসম্মতিক্রমে ৩২১৪ নম্বর দাগে নয় শতাংশ জমির ওপর মসজিদটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বর্তমানে সেখানে নির্মাণকাজ চলছে।

মানববন্ধনে বক্তারা জানান, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুক ও এলাকায় মসজিদ ভাঙা ও চুরির মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা দাবি করেন, মসজিদের উন্নয়ন ও জায়গা সম্প্রসারণের সিদ্ধান্ত ধর্মীয় বিধান মেনে কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এবং এই অপপ্রচার ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও সামাজিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা।

মানববন্ধনকারীরা ঘটনার দ্রুত ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা অপপ্রচারকারী ও তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ফেসবুক থেকে অপসারণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শত শত মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধন শেষে মুসল্লিদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।

পরে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।



banner close
banner close