সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

মেডিকেল সনদ জালিয়াতি: সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৭:৪২

শেয়ার

মেডিকেল সনদ জালিয়াতি: সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল কারাগারে
ছবি: ডা. ফয়সাল আহাম্মেদ

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদকে জাল মেডিকেল সনদ প্রদানের অভিযোগে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার একটি মামলায় প্রকৃত রোগীর পিতা মহব্বত আলী ও থানা শাহাজাদপুরের স্থলে আলতাব হোসেন ও থানা বেলকুচি উল্লেখ করে ডা. ফয়সাল একই সিরিয়ালে দুই ব্যক্তিকে ভর্তি টিকেট দেন। পরে আলতাব হোসেনের ছেলে মোতালেব হোসেনের নামে একটি মেডিকেল সনদ তৈরি করে দেন, যা জাল বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বিষয়টি আদালতকে লিখিতভাবে জানান। আদালত অভিযোগ আমলে নিয়ে ডা. ফয়সালের বিরুদ্ধে সমন জারি করেন। গত বছরের ১১ সেপ্টেম্বর তিনি আদালতে জবানবন্দিতে অভিযোগের সত্যতা স্বীকার করেন।

পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ এর আদালতের বিচারক ওবায়দুল হক রুমির নির্দেশে আদালতের বেঞ্চ সহকারী রোজিনা খাতুন ডা. ফয়সাল ও মোতালেব হোসেনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেন। আজ ডা. ফয়সাল আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালতের এপিপি হদিউজ্জামান শেখ জানান, ডা. ফয়সালের বিরুদ্ধে জাল সনদ দেওয়ার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। রোগীর পিতা ও উপজেলার নাম পরিবর্তন করে তিনি জাল মেডিকেল সনদ দিয়েছেন বলে আদালতে স্বীকার করেছেন।



banner close
banner close