সিরাজগঞ্জে র্যাব-১২ এর পৃথক দুটি অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট ও ১৯৬ বোতল মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ২৯ ও ৩০ মার্চ সলঙ্গা ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে র্যাব-১২, সিরাজগঞ্জ।
র্যাব-১২ সূত্রে জানা যায়, ২৯ মার্চ বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম ও মো. আবুল হাসানকে গ্রেফতার করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকায় এক পলাতক আসামির ভাড়া বাসা থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধার জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল নোট সংগ্রহ ও লেনদেনের সঙ্গে জড়িত।
এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, ৩০ মার্চ সকালে সদর থানার শিয়ালকোল বাজার এলাকার বিলকুলি মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ইস্কাফ ও চারটি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান ও রোজিনা বেগমকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রির উদ্দেশ্যে মাদক নিয়ে সিরাজগঞ্জে আসে এবং অপর দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তথ্যসূত্র: র্যাব-১২, সিরাজগঞ্জ।
আরও পড়ুন:








