ঢাকার কেরানীগঞ্জে জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে খোলা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি ও অবৈধ সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে রামেরকান্দা বাজারে খোলা বাজারে প্রতি লিটার অকটেন ২৩০ টাকা দরে বিক্রির সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি এক মোটরসাইকেল আরোহীর কাছে ১২ লিটার অকটেন বিক্রি করছিলেন। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ওই ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী গোলচক্কর এলাকায় অবস্থিত তানাকা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে যানবাহন ছাড়া গ্যালনে করে প্রতি লিটার ১৩৫ টাকা দরে অকটেন বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ধরা পড়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, জ্বালানি তেলের বর্তমান সংকটময় পরিস্থিতিতে অবৈধ মজুত ও অধিক দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রশাসন বদ্ধপরিকর এবং খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি বিক্রি ও মজুতকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:





.jpg)

.jpg)
