সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে দুর্নীতির তদন্তে এসে খানাপিনা করে গিফট নিয়ে চলে গেলেন কর্মকর্তা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ২২:১৯

শেয়ার

সিরাজগঞ্জে দুর্নীতির তদন্তে এসে খানাপিনা করে গিফট নিয়ে চলে গেলেন কর্মকর্তা
পিআইও আবুল কালাম আজাদ, ছোট গোল বৃত্তি অন্যান্য কর্মকর্তা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন পরিচালক স্থানীয় ভিআইপি মোটেলে দামি খানাপিনা ও উপহার সামগ্রী গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শাহজাদপুর উপজেলার পিআইও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২০-২১ ও ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার হোসেন। ওই অভিযোগের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) তদন্তে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদ ও সিরাজগঞ্জ জেলার ডিআরও আব্দুল বাছেদ।

তদন্ত কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত পিআইও আবুল কালাম আজাদের কার্যালয়ে তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং কিছু ফাইল ও কাগজপত্র পরীক্ষা করেন। পরে পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামের দুটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে তারা শহরে ফিরে যান। এরপর রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন শেষে শাহজাদপুরের পিপিডি মোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে দুপুরের খাবার গ্রহণ করেন এবং পিআইও কার্যালয়ের কর্মী আলতাফ হোসেনের মাধ্যমে উপহার সামগ্রী নিয়ে সেখান থেকে বিদায় নেন।

অভিযোগকারী মোতাহার হোসেন জানান, তদন্তের সময় তাকে ফোনে না পাওয়ার অজুহাতে তার বক্তব্য ছাড়াই তদন্ত সম্পন্ন করার চেষ্টা করা হয়। পরে তিনি পিপিডি মোটেলে গিয়ে তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদের সঙ্গে দেখা করলে তাকে ঢাকার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে লিখিত বক্তব্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়। মোতাহার হোসেন বলেন, তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসে উল্টো তার কাছে আবার লিখিত বক্তব্য চাওয়া পিআইওকে রক্ষার কৌশল মাত্র।

পিআইও কার্যালয়ের কর্মী মো. আলতাফ হোসেন উপহার সামগ্রী গ্রহণের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রশ্ন না করার অনুরোধ করেন এবং বলেন যে তারা বেকায়দায় আছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ পিপিডি মোটেলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। এরপর তিনি দ্রুত গাড়িতে চড়ে সেখান থেকে চলে যান।

ঘটনার পর স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে তদন্ত কর্মকর্তার এমন আচরণে অভিযুক্ত পিআইও আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা শাস্তি এড়িয়ে যেতে পারেন।



banner close
banner close