রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

এবার জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ ওই ইউএনওর বিরুদ্ধেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:০৮

শেয়ার

এবার জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ ওই ইউএনওর বিরুদ্ধেই
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে জব্দকৃত পেট্রোল গায়েব করে দেওয়ার। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পরে ওই পেট্রোলের দুই ড্রাম খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে এক ড্রাম বিক্রি করে বাকি আরেক ড্রাম অন্য একটি ফিলিং স্টেশনে নেওয়ার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, ইউএনও নুসরাত জাহান দুই ড্রাম পেট্রোল স্টেশনে নিয়ে এসে জনপ্রতি এক লিটার করে একটি ড্রাম বিক্রি করেন। বাকি আরেক ড্রাম মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে নিয়ে যান।

অভিযান পরবর্তী সময়ের একটি ভিডিওতে দেখা যায়, বিনসাড়া বাজারে জব্দকৃত এক ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে বিক্রি করা হয়েছে এবং অন্য ড্রামটি ইউএনও নিয়ে যাচ্ছেন।

অভিযানের বিষয়টি অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত দুই ড্রাম তেল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে এক লিটার করে জনপ্রতি বিক্রি করা হয়েছে।

এদিকে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হলেও শুধু জরিমানা আদায়ের রশিদ দেওয়া হয়েছে। জব্দকৃত পেট্রোলের কোনো কাগজ দেওয়া হয়নি। ওইদিন রাত ১১টার দিকে তেলের খালি ড্রাম ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।



banner close
banner close