শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

আশ্রয়নের ঘর পেতে ঘুষ: কৃষকদল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৯:৩৬

আপডেট: ২৮ মার্চ, ২০২৬ ১৯:৪৭

শেয়ার

আশ্রয়নের ঘর পেতে ঘুষ: কৃষকদল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
ছবি বাংলা এডিশন

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিহীনদের জন্য বরাদ্দ আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় কৃষকদলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিনহাজ ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

জানা গেছে, উপজেলার পাছতেরিল্যা গ্রামের মো. আজাদ হোসেনের ছেলে ভূমিহীন নুর আলম আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পেতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রশাসন উপজেলার সানেকবয়ড়া এলাকায় একটি খালি ঘরের তথ্য পায়।

তবে ঘর বরাদ্দের প্রক্রিয়াকে কেন্দ্র করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, ওই ঘরের পূর্বের বাসিন্দা এক বৃদ্ধ মারা যাওয়ার পর সেটি খালি থাকায় সুযোগ নেয় একটি চক্র। ফলদা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মিনহাজ ও পাছতেরিল্যা গ্রামের দুলাল তালুকদার যোগসাজশে এক স্বামী পরিত্যক্ত নারীর কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন।

একইভাবে, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বাসিন্দা কালাম নামের এক ব্যক্তি অপর এক প্রতিবন্ধী নারীর কাছ থেকে একই ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

কৃষকদল নেতা মিনহাজ কালামকে সাথে নিয়ে ঘরটি তাদের দখলে রাখতে তালা ঝুলিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী দুই নারী জানান, আশ্রয়নের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ঘর পাইনি।

অভিযুক্ত মিনহাজ ঘরে তালা দেয়ার কথা স্বীকার করে বলেন, এই ঘরটি আমাদের গ্রামের এক প্রতিবন্ধীকে বরাদ্দ দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আবেদনের কোন ফলাফল না পেয়ে ঘরে তালা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান বলেন, টাকা লেনদেনের বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



banner close
banner close