কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আবারও অপহরণের শিকার হয়েছেন ১৩ জন বাংলাদেশি জেলে। শনিবার (২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকায় তিনটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
স্থানীয় সূত্র জানায়, ভোরে মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচরসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গরপাড়ার বাসিন্দা।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এমন ঘটনা ঘটছে, যা জেলে ও নৌকার মালিকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ভোর ৪টার দিকে কয়েকটি নৌকা মাছ ধরতে যায়। পরে সকাল ৭টার দিকে আরাকান আর্মির সদস্যরা এসে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি ইতোমধ্যে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানা গেছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাদের ফেরত আনতে বিজিবি ও কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত দেড় বছরে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে আড়াই শতাধিক জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে তাদের কবল থেকে ফিরে আসেন। এছাড়া বিজিবির উদ্যোগে কয়েক দফায় ১৮৯ জন জেলেসহ ২৭টি ট্রলার ফেরত আনা হলেও এখনো ১৭২ জন জেলে ও ৩২টি ট্রলার রাখাইন রাজ্যে আটক রয়েছে।
আরও পড়ুন:

.jpg)






