শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১২:২২

শেয়ার

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি, ভোগান্তিতে যাত্রীরা
ছবি সংগৃহীত

ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ায় ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় ঢাকামুখী শত শত যানবাহন সেতুতে ওঠার অপেক্ষায় গোলচত্বর এলাকায় ধীরগতিতে চলাচল করছে। এতে সেতু পার হতে সময় লাগছে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত।

যানবাহনের ধীরগতির কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে ভ্রমণকারীরা বেশি সমস্যায় পড়েছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। সেতুর পশ্চিমপাড়ে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি তৈরি হয়েছে। ঢাকামুখী সড়কে অতিরিক্ত যানবাহনের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে পূর্ণাঙ্গ যানজট নেই। উত্তরবঙ্গগামী সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



banner close
banner close