ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম লেনে একাধিক যানবাহন বিকল হওয়ায় শুক্রবার রাত থেকে তীব্র যানজট সৃষ্টি হয়। শনিবার ভোররাত থেকে সয়দাবাদ থেকে মুলিবাড়ি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল খুবই ধীরগতিতে চলে।
স্থানীয় ও ভুক্তভোগী যাত্রীদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকেই রুটে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। শনিবার ভোরে ঢাকামুখী লেনে অসংখ্য যানবাহন স্থবির হয়ে দাঁড়ায়, ফলে সেতুর টোলপ্লাজায় পৌঁছাতে একেকটি যানবাহনের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, টাঙ্গাইল অংশে শুক্রবার রাতে একটি দুর্ঘটনার কারণে সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়। এর সঙ্গে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত যানবাহনের চাপ যুক্ত হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় বিকল যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সকাল ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।
আরও পড়ুন:








