চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পটিতে মোট ৯ হাজার ৭৮৩ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন মজুত পাওয়া যায়।
শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, পাম্পটির সামনে তেল নেই মর্মে ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মজুত যাচাই করে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন পান।
তিনি আরও জানান, মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করে ভোক্তাদের বিভ্রান্ত করার দায়ে পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








