যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বাসে থাকা সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের মনিহার থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফতেহপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এ সময় বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে কেউ জানালা দিয়ে লাফিয়ে এবং কেউ দরজা দিয়ে দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির বিষয়টি মালিককে জানিয়েছিলেন। এরপরও মালিকের নির্দেশে বাসটি যাত্রা শুরু করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট সংলগ্ন স্থানে ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:








