সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮ বছর বয়সী শিশু আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২০ মার্চ মামুন প্রতিবেশী শিশুদের সঙ্গে হাওরে যাওয়ার পর নিখোঁজ হয়। প্রায় তিন ঘণ্টা পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর বেশ কয়েকদিন পার হলেও প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীর ধীরগতির কারণে জড়িতরা এখনো গ্রেফতার হয়নি। দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, একই দাবিতে এর আগে আমবাড়িবাজার এলাকায় সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
আরও পড়ুন:








