শুক্রবার

২৭ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

বাগেরহাটে তিন ঘণ্টার তাণ্ডব: বসতবাড়িতে আগুন-লুটপাট, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ০৯:১৩

শেয়ার

বাগেরহাটে তিন ঘণ্টার তাণ্ডব: বসতবাড়িতে আগুন-লুটপাট, নিহত ১
ছবি বাংলা এডিশন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত এলাকায় দফায় দফায় হামলা চলে। পূর্বের বিরোধের জেরে কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। সংঘর্ষে ফারুক শেখের ছেলে রাজীব শেখ নিহত হন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করেন, বিশ্বাস বাড়ির লোকজন তাদের শেখ বাড়ির প্রায় ৩০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঘরে থাকা সোনাদানা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয় এবং অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

আরেক ভুক্তভোগী রিপন শেখ জানান, তাদের বংশের ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাইদ বিশ্বাসের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘর ও দোকানে হামলা চালায়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



banner close
banner close