রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক
ছবি বাংলা এডিশন

একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক প্রবাসীদের উদ্যোগে অসহায় তিন মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রবাসী সদস্যদের সহযোগিতায় মোট তিন লাখ টাকা সংগ্রহ করা হয়। পরে তা অসহায় তিন পরিবারের মধ্যে বণ্টন করা হয়, যাতে তারা সম্মানজনকভাবে কন্যাদের বিয়ে সম্পন্ন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. আলমগীর, হেলাল রহমান, জাকের হোসেন, শহিদুল ইসলাম, রমিজুর রহমান, জয়নাল, ইউনুছ সিকদার, জমির উদ্দিন, মো. উমর ও মো. মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে শক্তিশালী করে। এ ধরনের সহায়তা শুধু একটি পরিবারের দায় লাঘব করে না, বরং সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলে। দারিদ্র্য বিমোচনেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফাউন্ডেশনের সমন্বয়ক মোজাম্বিকপ্রবাসী আনিছুর রহমান এক ভিডিওবার্তায় জানান, ২০২২ সালে কয়েকজন প্রবাসীর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা প্রতিষ্ঠার পর থেকেই শীলকূপ ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

তিনি বলেন, আমরা চাই সমাজের কেউ যেন অর্থের অভাবে কন্যার বিয়ে, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে পিছিয়ে না থাকে। আজকের এই সহায়তা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ছোট প্রয়াস। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, চিকিৎসা, বিয়ে ও দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।