চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন। পুলিশ দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালীর নিজ জমিতে প্রাচীর নির্মাণের সময় তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ উত্তপ্ত হয়ে প্রাচীর ভেঙে ফেলা হয়। বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে তার ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়।
প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার (২৫ মার্চ) রাত ২টার দিকে তিনি মারা যান। শহিদুল ইসলাম মোক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা এবং মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।
এ ঘটনায় আহত হয়েছেন শিল্পি খাতুন ও আরবী খাতুন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেসবাহ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:








