বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন ফ্যাশন’ দোকান খুলতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৭:২০

শেয়ার

ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন ফ্যাশন’ দোকান খুলতে নির্দেশ
ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’ নামে একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন জানান, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে আদালত এ আদেশ দেন। প্রতিবেদনে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তির উচ্ছৃঙ্খল আচরণ লক্ষ্য করা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায়।

আদালত পর্যবেক্ষণে বলেন, পুলিশের এ ধরনের নিষ্ক্রিয়তা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। এ ঘটনায় কেন সংশ্লিষ্টদের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের ব্যবসায়ীরা ‘নবীন ফ্যাশন’ দোকানটি বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও ভিডিওতে দৃশ্যমান ছিল।



banner close
banner close